Breaking News

ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে বারাসাতে শুরু হল বন্দেমাতরম ক্যাম্প

অর্পিতা ঘোষ, বারাসাত: ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক মাই ভারতের উদ্যোগে ও বারাসাত ব্রেনওয়ার ইউনিভার্সিটির আয়োজনে ২৩ শে জুন শুরু হলো বন্দেমাতরম ক্যাম্প। এই ক্যাম্পটি চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দেমাতরাম সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বন্দেমাতরাম ক্যাম্প আয়োজিত হয় এমনটাই জানান উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গ সহ গুজরাট, মেঘালয়, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ,তামিলনাড়ু, আন্দামান, নিকোবর ও দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫০জন যুবক-যুবতীরা এই আবাসিক ক্যাম্পে অংশ নেন।
বিভিন্ন রাজ্যের কৃষ্টি ,সংস্কৃতি, সংহতি, খাদ্যাভ্যাস, দেশপ্রেম সমস্ত বিষয়ে এই ক্যাম্পে আলোচনা করা হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যেহেতু উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে , তাই নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন পরিদর্শনে আগামী ২৭ এ জুন এই ক্যাম্পে অংশগ্রহণকারী সকল যুবক-যুবতীদের নিয়ে যাওয়া হবে।

সারা দেশ জুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য প্রায় ১৯ টি এরকম ক্যাম্প আয়োজিত হবে বলে জানান মাই ভারতের ওয়েস্ট বেঙ্গল এর স্টেট ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জী। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে শুরুতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছবিতে সকল অতিথিবর্গরা পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই ভারত ওয়েস্টবেঙ্গলের স্টেট ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জী, ব্রেনওয়ার ইউনিভার্সিটি বারাসাতের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: শঙ্কর গঙ্গোপাধ্যায়, বারাসাত ব্রেনওয়ার ইউনিভার্সিটির স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন ড: অনুপ কুমার মাইতি, অধ্যাপক মাধব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই আবাসিক ক্যাম্পকে ঘিরে যুবক যুবতীদের প্রথম দিনই উৎসাহ ছিল চোখে পড়ার মতো।