Headlines

ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা : ডায়মন্ড হারবার মডেলে এবার সেবাশ্রয় ক্যাম্প শুরু হতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সমগ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হবে সেবাশ্রয় ক্যাম্প, এমনটাই সম্প্রতি ঘোষণা করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক।

ব্যারাকপুরের সাংসদ এদিন জানান আগামী ৫ ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বীজপুর বিধানসভার অধীনস্থ হালিশহরের রামপ্রসাদ খেলার মাঠ থেকে শুরু হবে সেবাশ্রয় ক্যাম্প। সমস্ত শ্রেণীর মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যের স্বাস্থ্য পরিসেবা পাবেন এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি জটিল রোগে যারা আক্রান্ত তাদেরও বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেখবেন যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে এই ক্যাম্প থেকে। ইতিমধ্যেই সাংসদ পার্থ ভৌমিক আগামী ৭ ডিসেম্বর নৈহাটি সমাবেশ বসু কক্ষে ব্যারাকপুর সংসদীয় এলাকার সমস্ত বিধায়ক, পুরো প্রধান ও পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে মিটিং ডেকেছেন বলে সূত্রের খবর। প্রত্যেকটি ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা থাকবেন চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে।

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এ বিষয়ে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেবাশ্রয় ক্যাম্পকে অনুসরণ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে হালিশহর থেকে আমাদের এই ক্যাম্প শুরু হবে। সরকারি হাসপাতাল গুলিতে যেমন চিকিৎসা পরিষেবা চলছে তার সঙ্গে এই ক্যাম্প থেকেও মানুষ বিনামূল্যে পরিষেবা পাবেন। আমাদের লক্ষ্য একটাই কোন মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন।