Breaking News

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা

অর্পিতা ঘোষ , কলকাতা : ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি ২০২৬,বই মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনটাই ৩ নভেম্বর কলকাতার পার্ক হোটেলে একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়। ২০২৬ সালে কলকাতা আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজন। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের প্রাঙ্গনে।  

জেনে রাখা দরকার ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা।

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্তিনা। বই মেলায় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের মধ্যে পারষ্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এমনটা বলাই যায়।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আর্জেন্তিনা দূতাবাসের দুজন প্রতিনিধি। আগামী ২০২৭ আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে যেসব আলোকচিত্রী প্রথম ২০ বছর অর্থাৎ ১৯৭৬ থেকে ১৯৯৬ অবধি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন, তাঁদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করা হবে। এইসব দুর্লভ ও স্মৃতিবিজড়িত ফটোর মধ্যে সেরা ১০ টিকে যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। ২০২৬ বইমেলার প্রেস কর্ণারে তাঁদের পাঠানো সব ছবিই মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে। আগামী সুবর্ণজয়ন্তী বর্ষে এই ছবিগুলি বইমেলার স্মরণিকায় প্রকাশ করার। ই-মেলে স্বচ্ছন্দে সংগ্রহে থাকা যেকোনও বইমেলার ছবি পাঠাতে পারেন। ছবি পাঠাবার শেষ দিন ১০ ডিসেম্বর ২০২৫। 

প্রতিবছরের মতো আগামী ২০২৬ বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে। অন্যান্য বছরের তুলনায় ২০২৬ এ আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি থাকবে বলে জানা গেছে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনাও, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, কর্ণাটক, উড়িষ্যা, ত্রিপুরা ইত্যাদি। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও। 

আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল,  KLF, অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৫ জানুয়ারি।