Headlines

পাড়ায় পাড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : পাড়ায় পাড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই প্রকল্পের নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পে, পানীয় জল, রাস্তা মেরামতির মতো ছোট ছোট স্থানীয় সমস্যাগুলি সমাধানের জন্য প্রতি তিনটি বুথ নিয়ে একটি করে শিবির করবে স্থানীয় প্রশাসন। সেখানেই নিজেদের অভিযোগের কথা জানাতে পারবেন স্থানীয় বাসিন্দারা।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২ অগাস্ট থেকে এই প্রকল্প শুরু হবে। আপাতত দু মাস ধরে গোটা রাজ্য জুড়ে এই শিবির চলবে। মাঝে ১৫ দিন দুর্গাপুজোর জন্য শিবির বন্ধ থাকবে। পরে তা পুষিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা নিচু স্তর থেকে সাধারণ মানুষের কথা শোনার উদ্যোগ৷ এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পও চলবে। এই সুযোগে ৮০ হাজার বুথে সরকার পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সারা দেশে এই প্রথম হচ্ছে।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা এক একটা বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করব। সবমিলিয়ে এই প্রকল্পে সরকারের ৮ হাজার কোটি টাকা খরচ হবে। পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন করছে করুক। ২ অগাস্ট থেকে কাজ শুরু হবে।’

এই প্রকল্পটি নিচু স্তর থেকে সাধারণ মানুষের কথা শোনার উদ্যোগ। এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পও চলবে। এই সুযোগে ৮০ হাজার বুথে সরকার পৌঁছে যাওয়ার চেষ্টা করবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পে নজরদারি চালানোর জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করা হবে বলে জানা গেছে। জেলা স্তরেও নজরদারি কমিটি তৈরি করে দেবে এই টাস্ক ফোর্স। অনলাইনে স্বচ্ছতা বজায় রেখেই সব কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।