বড়দিনের উৎসবে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : লাল রঙের পোশাক ,মাথায় সান্টা টুপি ও ঝিকমিক আলোর চশমা,মাথার ব্যান্ডে ঝকমকে আলো বড়দিনের আগের রাতে পার্ক স্ট্রিটে যে দিকে নজর যাচ্ছে, সে দিকেই একই ছবি ধরা পড়ছে। সেজেগুজে বাহারি পোশাকে থিকথিক করছে ভিড়, এক্কেবারে কলকাতার পার্ক স্ট্রিটে উৎসবের মেজাজ। বড়দিনের উৎসবে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দিয়েছেন তিনি।
জেনে রাখা দরকার কলকাতার বড়বাজারে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনাসভায় যোগ দেন তিনি। প্রতিবছরই বড়দিনের আগের রাতে এখানে আসেন মুখ্যমন্ত্রী। এ বারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
মুখ্যমন্ত্রী নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে ওই প্রার্থনাসভার বেশ কিছু ছবিও পোস্ট করেন। ওই পোস্টের সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বড়দিন একতা, শান্তি এবং সহানুভূর্তির বার্তা নিয়ে আসে। যা সকল ভেদাভেদের ঊর্ধ্বে।’ উৎসবের মরসুম এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মমতা আরও লেখেন, ‘দয়া, ক্ষমা এবং সহানুভূতির বার্তা আমাদের সকলের সঙ্গে থাকুক এবং আমাদের নতুন বছরে পথ দেখাক।’
