ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ২ মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : ২০ জানুয়ারি ডায়মন্ড হারবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন করেন। এই পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার এই বিশাল উদ্যোগের ব্যাপকতা ও প্রভাব আরও একবার প্রমাণিত হলো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ ২৪ পরগনায় অভিনব ও মানবিক উদ্যোগ সেবাশ্রয় ক্যাম্প, এই সেবাশ্রয় শিবিরে এখনো পর্যন্ত আগত মানুষের সংখ্যা প্রায় ৩.৫ লক্ষ ছাড়িয়েছে এমনটা সূত্রের খবর।
জেনে রাখা দরকার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই সেবাশ্রয় মডেল ক্যাম্পটি তার উন্নত পরিকাঠামো এবং উচ্চমানের চিকিৎসা পরিষেবার জন্য এক ও অনন্য ভূমিকা গ্রহণ করেছে।
উল্লেখযোগ্যভাবে, এটিই প্রথম দোতলা বিশিষ্ট সেবাশ্রয় মডেল ক্যাম্প,যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রোগীদের চলাচল মসৃণ হয় এবং একই ছাদের তলায় সমস্ত পরিষেবা প্রদান করা যায়।
এই ক্যাম্পে একটি আইসিইউ সুবিধাও রয়েছে, যা উন্নত এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই উদ্যোগের গুরুত্বকে তুলে ধরে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শনের দিন তিনজন রোগী আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন এমনটাই জানা গিয়েছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে এক ধাপ এগিয়ে রয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এদিন ক্যাম্পে ট্রাইসাইকেল বিতরণ করা হয়,যা পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরা বেশ খুশি।
সেবাশ্রয় ক্যাম্পের ভিতরে ও বাইরে মানুষজন লাইনে দাঁড়িয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখতে ভিড় জমায়। এদিন নদীর বুকে ‘সেবাাশ্রয়’ থিমে সাজানো একটি বিশেষ নৌকাও প্রস্তুত করা হয়েছিল যা উপস্থিত সকলের নজর কাড়ে।
দ্রুত প্রসার এবং অভিনব মডেলের মাধ্যমে, ‘সেবাশ্রয়’ বাংলায় সহজলভ্য, মানবিক এবং জনমুখী স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন নজির স্থাপন করে চলেছে এমনটা বলাই যায়।
